৭ জেলায় তীব্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 7 hours ago

নিজস্ব প্রতিবেদক:

দেশের ৭টি জেলার ওপর দিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়— রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়ার ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সাথে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে দেশের অন্যান্য অংশে গ্রীষ্মের তীব্রতা বজায় রয়েছে। মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্থানীয় জনজীবনে অস্বস্তি বাড়িয়েছে। অপরদিকে দেশের সর্বনিম্ন ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে। একই সময়ে দেশের সর্বোচ্চ ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

  • আবহাওয়া সংবাদ
  • ঝড়ের পূর্বাভাস
  • নদীবন্দর সতর্কসংকেত
  • বজ্রবৃষ্টি