‘স্মৃতির অলিন্দে’ স্মারক উন্মোচন: দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষার্থীদের ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 hours ago

মারুফ খন্দকার, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ‘স্মৃতির অলিন্দে’ নামক একটি নান্দনিক স্মারকের মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার নরসিংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল মদিনা একাডেমিতে এই ব্যতিক্রমী ও প্রাণবন্ত আয়োজন সম্পন্ন হয়।

আল মদিনা একাডেমির প্রথম এসএসসি ব্যাচ (২০২৬) উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের পরিচিতি সংবলিত এই বিশেষ স্মারকটি প্রকাশ করে ‘মদিনিয়ান ব্যাচ-২৬’। আয়োজকদের মতে, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষাভিমুখী করতে এবং তাদের স্মৃতিকে ধরে রাখতে এই স্মারক বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মাস্টার রফিজ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আলহাজ্ব আতাউর রহমান।

বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” কঠোর পরিশ্রম ও সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তারা বিদায়ী শিক্ষার্থীদের আহ্বান জানান।

আল মদিনা একাডেমির পরিচালক রফিকুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক সাদিয়া তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবু সাইদ, ইজাজুল হক, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া এবং একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন গিলমান আহমদ নাবিল, মাহজুবা রহমান সামিহা ও নাজমুন্নাহার মুন্নি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একাডেমির শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘তরঙ্গ শিল্পী গোষ্ঠী’র শিশু শিল্পীদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে একাডেমির পক্ষ থেকে বিশেষ উপহার এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সব মিলিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

  • আল মদিনা একাডেমি
  • এসএসসি ২০২৬
  • দোয়ারাবাজার
  • বিদায় সংবর্ধনা
  • সুনামগঞ্জ