সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনীত হলেন নাদিয়া পাঠান পাপন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 minutes ago

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কৃতী সন্তান নাদিয়া পাঠান পাপন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক তালিকায় এই তথ্য প্রকাশ করা হয়।

নাদিয়া পাঠান পাপন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দলের দুঃসময়ে রাজপথে সাহসী ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। বিশেষ করে বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় দলীয় কার্যক্রম জোরদার করতে তাঁর বিশেষ অবদান রয়েছে।

পাপনের মনোনয়নের খবর বিজয়নগরসহ পুরো ব্রাহ্মণবাড়িয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা।

  • নাদিয়া পাঠান পাপন
  • বিএনপি
  • বিজয়নগর
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সংরক্ষিত নারী আসন