
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় স্থানীয় সর্বস্তরের মানুষ।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনুষঙ্গে সজ্জিত এই শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাছরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান এমপি।
সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনা এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যে উদ্বুদ্ধ করতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই উৎসবের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও কবিতা আবৃত্তির নান্দনিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো নাসিরনগর এলাকায় দিনভর এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
