মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতারণা মামলা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 14 hours ago

স্পোর্টস ডেস্ক

আসন্ন বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই এক অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতায় জড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। প্রীতি ম্যাচে চুক্তিবদ্ধ থেকেও মাঠে না নামায় লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে ফ্লোরিডাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘ভিআইডি’।

মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-এর প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচে খেলার কথা ছিল আর্জেন্টিনার। চুক্তির শর্ত মোতাবেক, উক্ত ম্যাচে লিওনেল মেসির অন্তত ৩০ মিনিট মাঠে থাকার বাধ্যবাধকতা ছিল। কিন্তু দর্শকদের হতাশ করে পুরো ম্যাচটি গ্যালারিতে বসেই কাটিয়ে দেন এই খুদে জাদুকর।

আয়োজক সংস্থা ‘ভিআইডি’ মামলার নথিতে দাবি করেছে, মেসির অনুপস্থিতির কারণে তাদের ভেন্যু পরিবর্তন করতে হয় এবং টিকিটের চাহিদা ব্যাপক হারে কমে যায়। এতে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) ছাড়িয়ে গেছে।

সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে মেসির ফিটনেস নিয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের দিন ইনজুরির অজুহাত দিলেও তার ঠিক পরের দিনই ইন্টার মায়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে পুরো ম্যাচ খেলেন তিনি। আয়োজকদের দাবি, এটি সুস্পষ্ট চুক্তভঙ্গ ও প্রতারণা।

মাঠের বাইরে এই আইনি লড়াই চললেও ইন্টার মিয়ামির জার্সিতে মেসির পারফরম্যান্স অবশ্য আকাশচুম্বী। তবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এই আইনি জটিলতা আর্জেন্টিনা দলের মানসিক প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।

  • আর্জেন্টিনা ফুটবল দল
  • ইন্টার মায়ামি
  • এএফএ
  • প্রতারণা মামলা
  • ফুটবল সংবাদ
  • বিশ্বকাপ ২০২৬
  • লিওনেল মেসি