চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে তেল কিনছে ভারত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 hours ago

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতার সুযোগ নিয়ে সীমিত পরিসরে ইরান থেকে পুনরায় জ্বালানি তেল কেনা শুরু করেছে ভারত। তবে এই লেনদেনের ক্ষেত্রে ডলারের পরিবর্তে চীনের মুদ্রা ‘ইউয়ান’ ব্যবহার করা হচ্ছে। ভারতের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক আইসিআইসিআই (ICICI) ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন সম্পন্ন হচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রায়ত্ত বৃহত্তম শোধনাগার ‘ইন্ডিয়ান অয়েল করপোরেশন’ দীর্ঘ ৯ বছর পর ইরান থেকে ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার বাজারমূল্য প্রায় ২০ কোটি ডলার। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরান থেকে তেলবাহী চারটি জাহাজ ভারতীয় বন্দরে ভেড়ার অনুমতি পেয়েছে। এর মধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামক একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস সম্পন্ন করেছে।

জানা গেছে, আইসিআইসিআই ব্যাংক তাদের সাংহাই শাখার মাধ্যমে এই তেলের মূল্য ইউয়ানে বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে পাঠাচ্ছে। মূলত ইরান ও রাশিয়ার তেলের ওপর গত মাসে যুক্তরাষ্ট্র ৩০ দিনের জন্য যে সাময়িক শিথিলতা দিয়েছিল, সেই সুযোগটিই কাজে লাগাচ্ছে ভারতীয় শোধনাগারগুলো। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতেই ওয়াশিংটন এই বিশেষ ছাড় ঘোষণা করেছিল।

তবে তেলের বাজারে এই ছাড়ের মেয়াদ আজ রোববারই (১৯ এপ্রিল) শেষ হচ্ছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট গত বুধবার স্পষ্ট জানিয়েছেন যে, এই নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়ানো হবে না। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে পেমেন্ট জটিলতা থাকায় অনেক দেশ আগ্রহ না দেখালেও ভারত বিকল্প মুদ্রা ব্যবহার করে এই সীমিত সময়ের সুযোগ গ্রহণ করল।

  • আন্তর্জাতিক সংবাদ
  • ইউয়ান
  • ইরান
  • জ্বালানি তেল
  • ভারত
  • মার্কিন নিষেধাজ্ঞা