
দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি এবং দিকনির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বণ্টন করা হয়েছে। গত সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে উক্ত ইউনিয়নের ১৪৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এই সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা এবং ১৫ কেজি করে উন্নত মানের চাল প্রদান করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের দুর্ভোগ লাঘবে আগামী ৩ মাস এই মানবিক সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সম্প্রতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন জাতীয় সংসদ অধিবেশনে সুনামগঞ্জের হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকদের বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্যের এই জোরালো ও যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতেই দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে এই বিশেষ মানবিক সহায়তা বরাদ্দের উদ্যোগ নেয় সরকার।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল খায়ের এবং মো. শওকত আলী প্রমুখ।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আকস্মিক অতিবৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চরম অর্থনৈতিক বিপাকে পড়েন স্থানীয় চাষিরা। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কঠোরভাবে যাচাই-বাছাই শেষে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। দোয়ারাবাজার উপজেলায় পর্যায়ক্রমে মোট ১ হাজার ৪০ জন কৃষকের মাঝে এই বিশেষ সহায়তা বিতরণ করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, সরকার সবসময় প্রান্তিক কৃষকদের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন ও সহায়তায় বিভিন্ন কৃষি প্রণোদনা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।উক্ত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দুর্যোগের এই কঠিন মুহূর্তে নগদ টাকা ও খাদ্যসহায়তা হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ কৃষকরা। সংসদে তাঁদের কষ্টের কথা তুলে ধরায় স্থানীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন এবং দ্রুত সহায়তা পৌঁছানোর জন্য তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
