ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে রাজপথে নেমেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৩ মে) সকালে ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বিক্ষোভ মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সদর হাসপাতাল মোড়ে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ছাত্রলীগের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন।

সমাবেশে ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ ছাত্রলীগের এই মিছিলকে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানান। তাঁরা অভিযোগ করেন যে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে একটি নিষিদ্ধ সংগঠনের কর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস পায়, তা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা প্রয়োজন। শিবিরের নেতৃবৃন্দ অনতিবিলম্বে ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং নেপথ্যে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার সকালে শহরের পূর্ব মেড্ডা এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। নিষিদ্ধ সংগঠনের এমন আচমকা উপস্থিতির প্রতিবাদে ছাত্রশিবির ও ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। এর ফলে শহরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার কাজ শুরু করেছে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • গ্রেপ্তার দাবি
  • ছাত্রলীগ
  • ছাত্রশিবির
  • বিক্ষোভ মিছিল
  • ব্রাহ্মণবাড়িয়া