
জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিনপুর এলাকায় অবস্থিত ময়লার স্তূপের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে সরজমিন পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র নেতৃবৃন্দ। শুক্রবার (১৫ মে) বিকেল ৩ ঘটিকায় আমিনপুর এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকার বর্জ্য এই স্থানে ফেলার ফলে এটি এখন বিশাল এক ময়লার পাহাড়ে পরিণত হয়েছে।
এর ফলে ছড়ানো অসহনীয় দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে রোগজীবাণুর বিস্তার ও সামাজিক অনুষ্ঠান পরিচালনায় বাধার সম্মুখীন হওয়ায় স্থানীয়রা নিজেদের সামাজিকভাবে বৈষম্যের শিকার বলে দাবি করেন।আমিনপুরবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া-এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী বক্তব্য রাখেন। তিনি বলেন, একটি আবাসিক এলাকার পাশে এভাবে বর্জ্য ফেলে জনজীবন বিপর্যস্ত করা কোনোভাবেই কাম্য নয়। তিনি আশ্বস্ত করেন যে, আমিনপুরবাসীর এই নাগরিক সমস্যা নিরসনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের সাথে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে জোরালো ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে ময়লার স্তূপটি দ্রুত অপসারণ বা পরিকল্পিত ব্যবস্থাপনার দাবি জানান তিনি।মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহিন আহমেদ, ফিরোজ মিয়া, শান্ত ইসলাম, তারিফুল হাসান, সুজল চৌধুরী, ইয়াসিন আরাফাত সিরাজী, হাবিবুর রহমান, সিয়াম, সাঈদ আব্দুল্লাহ হিমু, খলিলুর রহমান ও দেলোয়ার হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত এলাকাবাসী তাদের ক্ষোভ প্রকাশ করে জানান যে, এই ময়লার স্তূপের কারণে আমিনপুর এলাকাটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। সমস্যা সমাধানে তারা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান।
