
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর উদ্দিন আহমদের বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের গালিগালাজ, অনিয়ম-দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। চেয়ারম্যানের দ্রুত গ্রেফতার ও অপসারণের দাবিতে স্থানীয় নরসিংপুর বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। (১৯ মে) সন্ধ্যা ৭টায় স্থানীয় নরসিংপুর বাজারে ‘এলাকাবাসী’র ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা “নুর উদ্দিনের কালো হাত ভেঙে দাও উড়িয়ে দাও”, “চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও” এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নানা স্লোগান দিলে পুরো বাজার এলাকা উত্তাল হয়ে ওঠে।মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ারম্যান নুর উদ্দিন আহমদকে গ্রেফতার ও তাঁর পদ থেকে অপসারণের জন্য প্রশাসনের প্রতি আলটিমেটাম দেন। বক্তারা অভিযোগ করে বলেন, দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচিত হওয়ার পর থেকেই চেয়ারম্যান নুর উদ্দিন একের পর এক অনিয়ম ও দুর্নীতি করে আসছেন।
তিনি নির্বাচিত ইউপি সদস্যদের সম্পূর্ণ বঞ্চিত করে রাষ্ট্রীয় সকল সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিজের খামখেয়ালি মতো নিজস্ব লোকজন দিয়ে বাস্তবায়ন করছেন।তাঁরা আরও জানান, ইউপি সদস্যদের সাথে বৈষম্যমূলক আচরণ এবং ব্যাপক অনিয়ম-দুর্নীতির কারণে তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বেও তাঁর অপসারণের দাবিতে এলাকায় একাধিক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এমনকি একটি রাষ্ট্রীয় মামলায় তিনি তিনবার কারাভোগ করলেও তাঁর অনিয়ম ও দুর্নীতির কর্মকাণ্ড থামেনি।স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যান নুর উদ্দিন কর্তৃক ইউপি সদস্য ইসরাইল আলীকে উদ্দেশ্য করে অকথ্য ও আপত্তিকর ভাষায় গালাগালির একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওটি ছড়িয়ে পড়ার পর পুরো দোয়ারাবাজার এলাকায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। এরই জেরে গত রোববার অন্যান্য ইউপি সদস্যরা এক জরুরি প্রতিবাদ সভাও করেন।বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন—নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ইশ্রাঈল আলী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ এবং সদস্য হাফিজুল ইসলাম জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সার্বিক বিষয়ে জানতে নরসিংপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি সচল না থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
