বেলকুচি পৌর প্রকৌশলী শাহ আলমকে শোকজ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 21 hours ago

আল আমিন হোসেন, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নকশা-ডিজাইন সিন্ডিকেট পরিচালনার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফরিন জাহানের স্বাক্ষরিত এক নোটিশে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগের বিষয়গুলো নিবিড়ভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী শাহ আলম এ প্রসঙ্গে বলেন, “কারণ দর্শানোর একটি পত্র আমি হাতে পেয়েছি। বর্তমানে এর জবাব দেওয়ার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আফরিন জাহান জানান, অভিযুক্ত কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর জবাব পাওয়ার পর প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলকুচি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং নকশা-ডিজাইন সিন্ডিকেট পরিচালনার অভিযোগ তুলে মানববন্ধন করেছিলেন সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

  • পৌরসভা
  • প্রকৌশলী শাহ আলম
  • বেলকুচি
  • সিরাজগঞ্জ