বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 hours ago

আল-আমিন হোসেন, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই টিকাদান কর্মসূচির সূচনা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। উদ্বোধনী পর্ব শেষে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুরু করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সের সকল শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। জনস্বাস্থ্য রক্ষায় সরকারের এই উদ্যোগ সফল করতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এলাকায় হাম ও রুবেলা রোগ নির্মূলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।

  • টিকাদান ক্যাম্পেইন ২০২৬
  • বেলকুচি
  • সিরাজগঞ্জ
  • স্বাস্থ্য সংবাদ
  • হাম-রুবেলা টিকা