পহেলা বৈশাখে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 hours ago

মারুফ খন্দকার, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সর্বস্তরের মানুষের ঢল নামে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়। এটি উপজেলা সমাজসেবা কার্যালয়, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং থানা এলাকা প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা অনুষঙ্গে সজ্জিত এই শোভাযাত্রাটি উৎসবপ্রেমী মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সমাজ ও মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়ুক।”

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বজলুর রহমান, যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা হাসপাতালে ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং শিশু পরিবারের শিশুদের নিয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও সাধারণ মানুষের বিনোদনের জন্য দোয়ারাবাজার শিশু পার্কটি দিনভর উন্মুক্ত রাখা হয়েছিল।

এদিকে, উৎসবের নিরাপত্তা নিশ্চিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, দোয়ারাবাসী যেন নির্বিঘ্নে ও নিরাপদে বর্ষবরণ উদযাপন করতে পারেন, সেজন্য পুলিশ বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

  • দোয়ারাবাজার
  • পহেলা বৈশাখ ১৪৩৩
  • বাংলা নববর্ষ
  • সুনামগঞ্জ