কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 17 hours ago

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ছয়ঘড়িয়া এলাকায় প্রবাসী স্ত্রীর অনুপস্থিতিতে ১৫ বছর বয়সী নিজ কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম (৩৬) নামের এক পাষণ্ড পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২০ মে) ভোরের দিকে শহরের ছয়ঘড়িয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম জেলার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্তানদের নিয়ে জেলা শহরের ছয়ঘড়িয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা বিগত ছয় বছর ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি তিনি বাংলাদেশে এসে ছুটি কাটিয়ে মাত্র দুই সপ্তাহ আগে আবারও সৌদি আরবে ফিরে যান। মা চলে যাওয়ার পর ওই কিশোরী তার দুই ছোট বোন ও বাবার সাথে ওই ভাড়া বাসায় অবস্থান করছিল।

এই সুযোগে গত শনিবার (১৬ মে) রাতে রফিকুল ইসলাম নিজ কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে গত সোমবার (১৮ মে) সকালে সে আবারও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালালে মেয়েটি নিজের সম্ভ্রম বাঁচাতে ঘর থেকে পালিয়ে গিয়ে আশপাশের লোকজনকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে সদর মডেল থানায় লম্পট বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।মামলা দায়ের ও আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অত্যন্ত তৎপর হয়ে আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রফিকুলকে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের মতো যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর ও আপসহীন অবস্থান সর্বদা বজায় থাকবে বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

  • কন্যাকে ধর্ষণ
  • ব্রাহ্মণবাড়িয়া সংবাদ