নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলাকে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 16 hours ago

ক্রীড়া প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সম্ভাবনাময় কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব ও খোঁজখবর নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি তৃণমূলের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর কাবাডি ইভেন্টের বাছাই পর্বের খেলা চলাকালীন পেটে গুরুতর চোট পেয়ে আহত হয় মিথিলা। পরবর্তীতে উন্নত চিকিৎসার স্বার্থে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।বিষয়টি অবগত হওয়ার পর আমিনুল হক তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিথিলার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখেন।

দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে মিথিলা তার মাকে সাথে নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে, চিকিৎসাধীন এই নারী অ্যাথলেটের সাথে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি মিথিলাকে দ্রুত আরোগ্য লাভ করে আবারও খেলার মাঠে ফিরে আসার সাহস জোগান এবং উন্নত চিকিৎসার খরচ বহনের জন্য তার পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘বর্তমান সরকার দেশের প্রান্তিক পর্যায়ের সকল ক্রীড়াবিদদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মিথিলার যেকোনো প্রয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বদা সহযোগিতা করে যাবে।’ প্রতিমন্ত্রীর এই আন্তরিক উদ্যোগে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলার মা সেলিনা। তিনি জানান, সরকারের এই সময়োপযোগী সহযোগিতা মিথিলাকে সুস্থ হয়ে পুনরায় পড়াশোনা ও খেলাধুলায় মনোনিবেশ করতে বিশেষভাবে সাহায্য করবে।

  • আমিনুল হক
  • কাবাডি খেলোয়াড় মিথিলা
  • নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬
  • যুব ও ক্রীড়া মন্ত্রণালয়