যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরানকে সংযমের আহ্বান জামায়াত আমিরের

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দেশগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার অনুরোধ করেছেন।

রোববার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে তিনি এই আহ্বান জানান। বার্তায় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

জামায়াত আমির লিখেছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এই পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়—পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।

শফিকুর রহমান সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করুন এবং আন্তর্জাতিক আইন ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করুন। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

  • আয়াতুল্লাহ আলী খামেনি
  • ইরান-ইসরায়েল যুদ্ধ
  • জামায়াতে ইসলামী
  • মধ্যপ্রাচ্য সংকট
  • শফিকুর রহমান