
ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক বড় মাঠের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই উদাত্ত আহ্বান জানান।
এর আগে তিনি ঈদের প্রধান জামাত শেষে উপস্থিত স্থানীয় সর্বস্তরের মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমরা আজ ঠাকুরগাঁওয়ের এই ঐতিহ্যবাহী বড় মাঠে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদের নামাজ আদায় করেছি। বাংলাদেশের আপামর জনসাধারণসহ সারা বিশ্বের মুসলমানরা আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছেন। আমাদের মনে রাখতে হবে, কোরবানি কোনো সাধারণ রক্তপাত বা হত্যা নয়, এটি মূলত সত্যাগ্রহ ও সত্যের এক অনুপম উদাহরণ। ত্যাগের সুমহান মহিমার মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার নৈকট্য ও সন্তুষ্টি লাভের এটি একটি পবিত্র ইবাদত। আমরা প্রতিবছর এই ত্যাগের শিক্ষাকে ধারণ করেই কোরবানির বিধান পালন করি।”দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “ঈদের এই পবিত্র ও আনন্দময় দিনে দেশের সাধারণ মানুষের কাছে আমার বিশেষ আকুল আবেদন—আসুন আমরা অতীতের সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে এবং সর্বস্তরের জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হই। একই সাথে ফিলিস্তিনসহ সারা বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত মুসলমানরা যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন এবং কোনো ধরনের যুদ্ধ-বিগ্রহের মধ্য দিয়ে মানবজাতির আর কোনো ক্ষতি না হয়, আজকের এই দিনে মহান আল্লাহর দরবারে আমরা সেই দোয়াই করি।” প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
