৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 14 hours ago

দেশের সরকারি দপ্তরগুলোতে জনবল সংকট কাটাতে ৫ লাখ কর্মচারী নিয়োগের মেগা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই আশাব্যঞ্জক তথ্য জানান।

সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে সরকার ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ রোডম্যাপ বা কর্মপরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৬ মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পরবর্তী ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য হলো মোট ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ নিশ্চিত করা। এই কার্যক্রমকে গতিশীল করতে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে তাদের বর্তমান নিয়োগ পরিস্থিতি এবং শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠানোর জন্য আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।

‘স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্টস ২০২৪’ প্রতিবেদনের তথ্যমতে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য ছিল। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডেই শূন্য রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। এ ছাড়া দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি এবং অন্যান্য গ্রেডগুলোতেও বড় সংখ্যার পদ খালি রয়েছে। এই বিশাল জনবল নিয়োগের মাধ্যমে মাঠ প্রশাসন ও সচিবালয়ে নতুন প্রাণচাঞ্চল্য এবং গতিশীলতা ফিরবে বলে আশা করছে সরকার।

  • জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • মো. আব্দুল বারী
  • সরকারি চাকুরি