
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় প্রকৌশল সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং প্ল্যান-ডিজাইন সিন্ডিকেটের অভিযোগ তুলে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশন। সংগঠনটির উদ্যোগে আজ ২৭ এপ্রিল ২০২৬, সোমবার বিকেল ৩টায় বেলকুচি উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বেলকুচি পৌরসভার কর্মকর্তা প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে বাড়ির মালিকদের নানাভাবে ভয়ভীতি দেখানো, অতিরিক্ত হয়রানি এবং একটি নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে নকশা ও ডিজাইন গ্রহণে বাধ্য করার অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিল্ডিং নির্মাণ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ইঞ্জিনিয়ার কবির উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, ইঞ্জিনিয়ার একরামুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রিয়াদুল ইসলাম।
আয়োজক সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে পৌর এলাকায় আবাসিক ভবনের নকশা ও ডিজাইন অনুমোদনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অহেতুক বিলম্ব এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে করে সাধারণ মানুষ যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এসব সমস্যা নিরসন এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে সচেতন নাগরিকদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, “আমাদের প্রধান দাবি হলো জনগণের জন্য স্বচ্ছ, সহজ এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ যেন আর হয়রানির শিকার না হয়, প্রশাসনকে সেটি নিশ্চিত করতে হবে।”
এদিনের মানববন্ধনে সিরাজগঞ্জ জেলা বিল্ডিং ডিজাইন অ্যাসোসিয়েশনের সদস্যগণ ছাড়াও স্থানীয় সচেতন নাগরিক, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
