
নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক মহান মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরচালা এলাকায় অবস্থিত যমুনা কিচেন অ্যান্ড ক্যাফেতে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় যুবশক্তি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য পারিশ্রমিক এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন (লিওন)। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, মহান মে দিবস হলো শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অনন্য প্রতীক। শ্রমিকদের ন্যায্য অধিকার ও সামাজিক মর্যাদা সুনিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবশক্তির সদস্য সচিব মুসা হাশেমী। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার মুখ্য সংগঠক কাউসার হোসাইন, জাতীয় যুবশক্তি বেলকুচি উপজেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেলকুচি উপজেলা প্রতিনিধি ওয়াসিম শেখ। বক্তারা শ্রমিক শ্রেণির সুরক্ষা, জীবনমান উন্নয়ন এবং সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাল খান, আলিম সরকারসহ জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তি বেলকুচি উপজেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।
আলোচনা সভা শেষে মহান মে দিবসের তাৎপর্যকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
