
আল আমিন হোসেন, বেলকুচি (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর নতুনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফাইনাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় আয়োজিত এই অন্তিম ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ানুরাগী সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।
উক্ত ফুটবল খেলায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এবং বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, সাবেক সদস্য মনোয়ার হোসেন শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লাবন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব ও কাউন্সিলর আলম প্রামানিক। আয়োজনের সার্বিক সহায়তায় ছিলেন বেলকুচি পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মাদ।
আয়োজক সংস্থা শেরনগর ফুটবল একাদশের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে ক্রীড়ামুখী করা এবং মরহুম আরাফাত রহমানের স্মৃতিকে অম্লান রাখতেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকদ্রব্য, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে। আগামী দিনেও এ ধরনের ক্রীড়া উৎসব অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।
ফাইনাল খেলাটি দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক দর্শক খেলার মাঠে সমবেত হন। ম্যাচ শেষে বিজয়ী এবং রানার্সআপ দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
