
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগাম প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক শেখ শামীম বিন আমীরকে আনুষ্ঠানিকভাবে বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। (১৮ মে) সকালে বেলকুচি উপজেলার সেরনগর এলাকায় অবস্থিত জামায়াত কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল কর্মী সমাবেশে এই ঘোষণা প্রদান করা হয়।উক্ত রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলম। বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম।
এ সময় উপজেলা ও বড়ধুল ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শেখ শামীম বিন আমীর দীর্ঘদিন ধরে দলীয় আদর্শের সাথে সুদৃঢ়ভাবে সম্পৃক্ত থেকে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তৃণমূল পর্যায়ে তাঁর সততা, যোগ্যতা এবং বলিষ্ঠ সাংগঠনিক দক্ষতার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ তাঁকে বড়ধুল ইউনিয়নের জন্য একজন অত্যন্ত যোগ্য ও উপযুক্ত প্রার্থী হিসেবে অভিহিত করেন।
জামায়াত নেতারা গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ আপামর জনসাধারণের সর্বাত্মক সমর্থনে শেখ শামীম বিন আমীর বড়ধুল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জয়লাভ করে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় এক অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবেন।আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর শেখ শামীম বিন আমীর উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “বড়ধুল ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে আমি এলাকার অবহেলিত জনপদের সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
