ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল যেন গুদাম ঘর, ৪ দিনেও মেলেনি সেবা: এমপি শ্যামল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 1 day ago

শেখ জুনায়েদ,ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের চরম অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ ও চিকিৎসাসেবার বেহাল মান নিয়ে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। হাসপাতালের শয্যায় তেলাপোকার ওড়াউড়ি ও শৌচাগারগুলোর মারাত্মক নোংরা দশাসহ সার্বিক করুণ চিত্র সশরীরে দেখে ক্ষুব্ধ এমপি হাসপাতালটিকে একটি নিছক ‘গুদাম ঘরের’ সাথে তুলনা করেন। একই সাথে পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে গত ৪ দিন ধরে রোগীরা কোনো ধরনের ন্যূনতম সেবা পাননি বলেও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের প্রকৃত অবস্থা যাচাই করতে আকস্মিক পরিদর্শনে যান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। পরিদর্শনকালে এমপি হাসপাতালের পুরুষ ও মহিলাসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন অসহায় রোগী ও তাঁদের সাথে থাকা স্বজনদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় ভুক্তভোগী রোগীরা ক্ষোভ প্রকাশ করে এমপিকে জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে গত ৪ দিন ধরে হাসপাতালে কোনো সুচিকিৎসা বা মানসম্মত জরুরি সেবা মিলছে না। চিকিৎসকদের অবহেলায় রোগীরা যখন ছটফট করছেন, তখন হাসপাতালের ওয়ার্ডগুলোর বেডে তেলাপোকা হেঁটে বেড়াতে দেখা গেছে এবং শৌচাগারগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে তা সাধারণ মানুষের ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।হাসপাতালের এই ল্যাজেগোবরে ও জরাজীর্ণ দশা দেখে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে দায়িত্বরত ঊর্ধ্বতন কর্মকর্তাকে মুঠোফোনে তীব্র জবাবদিহি করেন এবং রোগীদের চরম ভোগান্তির বিষয়ে নিজের কড়া ক্ষোভের কথা জানান। হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান দ্রুত সংস্কারের কঠোর তাগিদ দিয়ে আগামী ৩ জুন, ২০২৬ তারিখে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় নথিপত্রসহ সরাসরি তাঁর সাথে সাক্ষাৎ করার কড়া নির্দেশ দেন তিনি।এমপি ইঞ্চিনিয়ার খালেদ মাহবুব শ্যামল তাঁর বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ জনগণের প্রতি আমি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের ব্যাপারে শতভাগ অঙ্গীকারবদ্ধ। সরকারি হাসপাতালের এই গুদাম ঘরের মতো নোংরা পরিবেশ এবং সেবার নামে গরিব মানুষের সাথে এমন অবহেলা কোনোভাবেই বরদাশত বা মেনে নেওয়া হবে না।” উল্লেখ্য, ঈদের দীর্ঘ ছুটিতে ডাক্তার ও স্টাফদের অনুপস্থিতি এবং হাসপাতালের এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ ও সেবা নিতে আসা দূর-দূরান্তের রোগীরা। স্থানীয় সুধীসমাজের দাবি, এমপি শ্যামলের এই কড়া ও প্রশংসনীয় পদক্ষেপের পর হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়বে এবং সাধারণ মানুষ অবশেষে প্রকৃত সরকারি চিকিৎসাসেবা ফিরে পাবে।

  • ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল
  • ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল এমপি
  • ব্রাহ্মণবাড়িয়া সংবাদ
  • হাসপাতালের অব্যবস্থাপনা