
জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব (শ্যামল)-এর সাথে মতবিনিময় সভা ও স্মারকলিপি প্রদান করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।রোববার (১০ মে) সন্ধ্যা ৭টায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্যের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নেতৃবৃন্দ সংসদ সদস্যের নিকট একটি আনুষ্ঠানিক স্মারকলিপি হস্তান্তর করেন।এ সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল আন্দোলনকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যার গুরুত্ব বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “দেশের অন্যতম প্রধান গ্যাস উৎপাদনকারী অঞ্চল হওয়া সত্ত্বেও স্থানীয়দের এই ভোগান্তি অনভিপ্রেত। সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”মতবিনিময় সভায় গ্যাস সংকটের ফলে সাধারণ মানুষের চরম ভোগান্তির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন আন্দোলনের সমন্বয়কারী শেখ মোঃ হাফিজুল্লাহ হাফিজ। স্মারকলিপি পাঠ করেন আন্দোলনের আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন ও এবিএম মমিনুল হক, ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোঃ হাফিজুল্লাহ হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ (মামু আরিফ), জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার সেক্রেটারি হাফেজ কাউসার আহমেদ, গণঅধিকার পরিষদ জেলা মুখপাত্র হাসানুর রহমান উবাইদুল্লাহ এবং শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শাব্বির আহমদ।সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি আলহাজ সাদেকুল ইসলাম, “মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া চাই”-এর সভাপতি মাহ্ফুজুর রহমান (পুষ্প), ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মোহাম্মদ সাবের হোসাইনসহ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহাদাত, এরশাদ ও মাওলানা ইফতেখার জামিল।সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তিতাস গ্যাস ফিল্ডের উৎস হওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়াবাসীর গ্যাস বঞ্চিত হওয়া মেনে নেওয়া যায় না। দ্রুত সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তাঁরা।
