মানবিক কাজে সাহসিকতার স্বীকৃতি পেলেন ভিডিপি প্রশিক্ষণার্থী সাব্বির হোসেন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 hours ago

মোঃমনির,ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:

নিজের জীবন বাজি রেখে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে অনন্য বীরত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় ১০ দিনব্যাপী মৌলিক ভিডিপি প্রশিক্ষণার্থী মোঃ সাব্বির হোসেনকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও জেলা কার্যালয়।আজ সোমবার (৮ জুন ২০২৬) ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর এই সাহসী ও মানবিক উদ্যোগের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।ঠাকুরগাঁও জেলার সুযোগ্য জেলা কমান্ড্যান্ট জনাব নুরুল আফসার আনুষ্ঠানিকভাবে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোঃ সাব্বির হোসেনের হাতে সম্মাননা স্মারক ও বিশেষ পুরস্কার তুলে দেন। এ সময় অত্যন্ত আবেগঘন ও গৌরবময় পরিবেশে তিনি বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের মূল লক্ষ্য এবং দীক্ষাই হলো যেকোনো দুর্যোগে দেশের সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া।

সাব্বির হোসেন নির্ধারিত পোশাক বা ভেস্ট পরার আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে যেভাবে সরাসরি উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েছেন, তা আমাদের বাহিনীর গৌরব বহুগুণ বৃদ্ধি করেছে। এটি দেশের অন্য সকল সদস্য ও তরুণদের জন্য একটি অনুকরণীয় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী এবং সুদক্ষ উপজেলা প্রশিক্ষক জাহিদ প্রমুখ। তাঁরা সাব্বির হোসেনের এই মহৎ ও নির্ভীক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও রাষ্ট্রীয় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এমন সক্রিয় ও দেশপ্রেমিক ভূমিকা রাখার আহ্বান জানান।উল্লেখ্য, সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর ভস্মীভূত ও গবাদিপশু পুড়তে থাকলে সাব্বির হোসেন নিজের জীবন ঝুঁকিতে নিয়ে গ্রামবাসীকে সাথে নিয়ে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁর এই তড়িৎ কৌশলের কারণেই সে যাত্রায় লাখ লাখ টাকার সম্পদ ও বহু প্রাণ নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল।সংশ্লিষ্ট সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ের একজন সাধারণ প্রশিক্ষণার্থীর এই ধরনের প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এবং তরুণ প্রজন্মকে যেকোনো মানবিক ও দুর্যোগকালীন জনসেবামূলক কাজে এগিয়ে আসতে গভীরভাবে উদ্বুদ্ধ করবে।

  • আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • জেলা কমান্ড্যান্ট নুরুল আফসার
  • ঠাকুরগাঁও সংবাদ
  • মোঃ সাব্বির হোসেন
  • সাহসিকতার স্বীকৃতি