
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর বাজারে বিচিত্র নামের পশুর দেখা মিলছে। তবে এবারের সব আলোচনা ছাপিয়ে নারায়ণগঞ্জের একটি খামারের বিশাল আকৃতির এক মহিষ টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ব্যতিক্রমী এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ পালিত হওয়া এই মহিষটির বর্তমান ওজন ৭০০ কেজিরও বেশি। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি বিরল ‘এলভিনো’ প্রজাতির মহিষ। বিশেষ করে মহিষটির গায়ের রঙ গোলাপি আভাযুক্ত সাদা এবং কপালের ওপরের চুলের বিশেষ কাটিংয়ের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্টের অবয়বের অদ্ভুত মিল থাকায় শখের বশে এই নামকরণ করা হয়েছে।বিচিত্র নামের এই মহিষটিকে একনজর দেখতে প্রতিদিন খামারে ভিড় করছেন বিপুল সংখ্যক উৎসুক মানুষ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ছবি ও ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে। খামারের কর্মচারীরা জানান, শান্ত স্বভাবের এই মহিষটিকে কোনো ধরনের কৃত্রিম উপায়ে নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে লালন-পালন করা হয়েছে। এর প্রতিদিনের খাদ্যতালিকায় সবুজ ঘাস, ভুট্টা এবং দানাদার ভুসি জাতীয় খাবার রাখা হয়। ব্যতিক্রমী এই মহিষটি কেনার জন্য অনেক ক্রেতা যোগাযোগ করলেও খামার কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। একজন শৌখিন ক্রেতা পছন্দের এই মহিষটিকে অনেক আগেই বুকিং দিয়ে রেখেছেন।
স্থানীয়দের মতে, কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন সময়ে পশুর বিচিত্র নামকরণ করা হয়। এর আগে রাজা, সুলতান কিংবা বাহুবলীর মতো নাম শোনা গেলেও এবার আলোচিত একজন বিশ্বনেতার নামে মহিষের নামকরণ করায় তা কোরবানির পশুর বাজারে প্রচারণার ক্ষেত্রে নতুন একটি মাত্রা যোগ করেছে। প্রতিদিনের যত্ন আর বিশেষ নজরদারিতে বড় হওয়া এই মহিষটি এখন জেলার অন্যতম আকর্ষণীয় কোরবানিযোগ্য পশুতে পরিণত হয়েছে।
