ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যার দায়ে প্রতিবেশী গ্রেফতার; আসামির বাড়িতে আগুন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 hours ago

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে অপহৃত শিশু নিশাত জাহান (০৬) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এই নৃশংস হত্যাকাণ্ডের দায়ে ১৭ এপ্রিল (শুক্রবার) রাতে ইসহাক (২৮) নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নিশাত জাহান সৌদি প্রবাসী মো. আবু সাদেকের মেয়ে এবং স্থানীয় ডিএমসি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্রী ছিল। গত ১৫ এপ্রিল বাড়ির পাশের দোকানে চিপস কিনতে গিয়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর ১৭ এপ্রিল দুপুরে বাড়ির অদূরে একটি পতিত জমিতে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের কপাল ও মুখমণ্ডল ঝলসে দেওয়া ছিল এবং গলায় শ্বাসরোধের চিহ্ন পাওয়া যায়।

এই ঘটনায় নিহতের মা আকলিমা আক্তার বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পিবিআই তদন্তে নেমে প্রতিবেশী ইসহাককে গ্রেফতার করে। পিবিআই পুলিশ সুপার সচীন চাকমা জানান, গ্রেফতারকৃত ইসহাক শিশু নিশাতকে হত্যার কথা স্বীকার করেছে। শনিবার বিকেলে পিবিআই তদন্ত দল আসামিকে নিয়ে ঘটনাস্থলে যায় এবং সে কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বর্ণনা দেয়।

এদিকে নিশাত হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ এলাকাবাসী আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে ‘ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ঘাতক ইসহাকের বাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিশাতের অকাল মৃত্যুতে তার স্কুল শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষকরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। শনিবার বিকাল ৫টায় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে শিশু নিশাতকে দাফন করা হয়। আগামীকাল সকাল ১০টায় আসামির ফাঁসির দাবিতে এলাকায় মানববন্ধনের ডাক দিয়েছে এলাকাবাসী।


  • নিশাত জাহান
  • ব্রাহ্মণবাড়িয়া
  • শিশু হত্যা