নাসিরনগরে বন্যায় ৩০০ হেক্টর ধান নষ্ট, শোকে কৃষকের মৃত্যু — এমপির পরিদর্শন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 minutes ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

টানা কয়েক দিনের ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের বিস্তীর্ণ এলাকার প্রায় ৩০০ হেক্টর পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এই আকস্মিক বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন শত শত কৃষক।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় কাটার উপযোগী ধান মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বছরের একমাত্র ফসল হারিয়ে অনেক কৃষক পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এদিকে গত শনিবার (২ মে) নিজের চোখের সামনে পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে মানসিক আঘাত সহ্য করতে না পেরে এক কৃষক জমিতেই মৃত্যুবরণ করেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো হাওরাঞ্চল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্ষয়ক্ষতির খবর পেয়ে রোববার (৩ মে) ক্ষতিগ্রস্ত মেদির হাওর এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দীন তুহিন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং মাঠের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি শোকাতুর নিহত কৃষকের পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানিয়ে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন।

এম এ হান্নান এমপি কৃষকদের আশ্বস্ত করে বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিদর্শনকালে স্থানীয় কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান, যাতে তারা এই বিশাল ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারেন।

  • এম এ হান্নান এমপি
  • কৃষকের মৃত্যু
  • নাসিরনগর
  • বোরো ধান চাষ
  • ব্রাহ্মণবাড়িয়া
  • মেদির হাওর