জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করা হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

জনগণের কাছে তথ্যের অবাধ সরবরাহ এবং গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, গণমাধ্যম ব্যবস্থাপনাকে একটি আধুনিক কাঠামোয় আনা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।

মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের সাথে দেশ এখনো পুরোপুরি যুক্ত হতে পারেনি। এই খাতের আধুনিকায়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নেওয়া হবে। বর্তমান সময়ে ‘মিসইনফরমেশন’ ও ‘ডিসইনফরমেশন’ বা অপতথ্য ছড়ানোকে মন্ত্রণালয়ের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ যেন মিথ্যা তথ্যের শিকার না হন, সেজন্য তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার।

নতুন সরকারের জনকল্যাণমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কৃষকদের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রকল্প চালু করা হচ্ছে। বরিশালে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন। বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের বিরোধ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলবেন এবং প্রয়োজনে আইনমন্ত্রীর সাথে আলোচনা করবেন।

এর আগে সকালে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মাঝে বিআরটিএ-এর পক্ষ থেকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন। সভায় উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

  • গণমাধ্যম স্বাধীনতা
  • জহির উদ্দিন স্বপন
  • তথ্যমন্ত্রী
  • বরিশাল