বেলকুচিতে উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 21 hours ago

আল আমিন হোসেন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকাল ৯টায় বেলকুচি সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

“মানসম্মত শিক্ষা, চল যাই স্কুলে যাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্রীড়া চর্চা, শারীরিক-মানসিক বিকাশ এবং দলগত মনোভাব তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা অত্যন্ত জরুরি। খেলাধুলা শিশুদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে শক্তিশালী ভূমিকা পালন করে।”

বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম জাফর, শেখ ফরিদ আহমেদ, হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, নুরুল ইসলাম গোলাম, গোলাম আজম, বনি আমিন, হাজী আলতাফ হোসেন প্রামানিক, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, জাহিদুল হক মুক্তা, হাজী আমিরুল, মনোয়ার হোসেন শামীম ও হেলাল উদ্দিন প্রামানিকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

খেলা শুরুর আগে অতিথিরা মাঠ পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের ক্ষুদে খেলোয়াড়রা তাদের নৈপুণ্য প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজক কমিটি জানায়, শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

  • আমিরুল ইসলাম খান আলীম
  • গোল্ডকাপ ফুটবল
  • বেলকুচি
  • সিরাজগঞ্জ