প্রবাসীদের দ্বীন শিক্ষায় আস্থার নাম আইআইবি অনলাইন মাদরাসা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 day ago

নিজস্ব প্রতিবেদক

প্রবাসীদের মাঝে নিয়মিত দ্বীনের আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামিক ইনস্টিটিউট অব বাংলাদেশ (IIB Online Madrasah)। অনলাইনভিত্তিক এই মাদরাসাটি দীর্ঘ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভাই-বোনদের জন্য মানসম্মত ও সুসংগঠিত দ্বীন শিক্ষার ব্যবস্থা করে আসছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আইআইবি অনলাইন মাদরাসা। প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে অনলাইন প্ল্যাটফর্মে সকল বয়সী প্রবাসীদের জন্য সহজ ও বোধগম্য পদ্ধতিতে দ্বীন শিক্ষা প্রদান করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুফতি দেলোয়ার হোসাইন মাহদী বলেন, দেশের একটি বিশাল জনগোষ্ঠী জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করছেন। প্রবাসে থাকায় তাঁরা অনেক সময় মাতৃভাষায় দেশীয় আলেমদের কাছ থেকে সরাসরি দ্বীন শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হন। অনেক ক্ষেত্রে বিদেশি আলেমদের কাছে শিক্ষা গ্রহণ করলেও ভাষাগত ও পরিবেশগত পার্থক্যের কারণে তা পুরোপুরি আত্মস্থ করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, এসব বাস্তবসম্মত বিষয় বিবেচনায় রেখেই আইআইবি অনলাইন মাদরাসার যাত্রা শুরু হয়, যাতে প্রবাসীরা ঘরে বসেই নিজেদের ভাষায় দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারেন। এই প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা অত্যন্ত দক্ষ ও যোগ্যতাসম্পন্ন। তাঁদের অধিকাংশই মিশরের বিখ্যাত বিদ্যাপীঠ জামিয়াতুল আজহার ইউনিভার্সিটিতে উচ্চতর গবেষণায় নিয়োজিত আছেন।

ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক প্রবাসী দ্বীন শিক্ষা গ্রহণ করেছেন এবং বর্তমানেও অনেক শিক্ষার্থী যুক্ত রয়েছেন। শিক্ষার মান উন্নত হওয়ায় একজন শিক্ষার্থীর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে অন্যরাও ভর্তি হচ্ছেন। ফলে দিন দিন এর কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে এবং প্রবাসীদের মাঝে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি শুধু প্রবাসীদের দ্বীন শিক্ষায় ভূমিকা রাখছে না, বরং অনেক যোগ্য আলেমের জন্য অনলাইনভিত্তিক কর্মসংস্থানের সুযোগও তৈরি করে দিচ্ছে।

প্রতিষ্ঠাতা পরিচালক জানান, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও বেশ কিছু নতুন কার্যক্রম রয়েছে, যার বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সবগুলো এখনো বাস্তবায়ন না হলেও অচিরেই তা আলোর মুখ দেখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রবাসীদের জন্য নির্ভরযোগ্য একটি অনলাইন দ্বীন শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যেই আইআইবি অনলাইন মাদরাসা ব্যাপক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

  • IIB Online Madrasah
  • অনলাইন মাদরাসা
  • আইআইবি অনলাইন মাদরাসা
  • ইসলামিক ইনস্টিটিউট অব বাংলাদেশ
  • দ্বীন শিক্ষা
  • প্রবাস সংবাদ
  • প্রবাসীদের দ্বীন শিক্ষা
  • হাফেজ মুফতি দেলোয়ার হোসাইন মাহদী