
স্পোর্টস ডেস্ক.
আসন্ন ফুটবল বিশ্বকাপের জমকালো আসরে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। ফুটবলের মহাযজ্ঞকে কেন্দ্র করে স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ফিফা। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।ফিফার নিশ্চিত করা তথ্য অনুযায়ী, এই মহোৎসবে সঞ্জয় ছাড়াও থাকছেন পপ আইকন কেটি পেরি, মাইকেল বুবলে এবং বলিউড তারকা নোরা ফাতেহি। ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এই আসরের। সেখানে পারফর্ম করবেন জে বালভিন ও দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা।পরদিন ১২ জুন কানাডার টরন্টোতে স্বাগতিক দেশের ম্যাচের আগে মঞ্চে দ্যুতি ছড়াবেন বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে আরও থাকবেন কানাডিয়ান তারকা মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেট। গত বিশ্বকাপের আলোচিত মুখ নোরা ফাতেহিকেও এই ভেন্যুর মঞ্চে দেখা যাবে।একই দিনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামেও বসবে তারার মেলা। সেখানে মঞ্চ মাতাবেন কেটি পেরি ও জনপ্রিয় কে-পপ গ্রুপ ‘ব্ল্যাকপিঙ্ক’-এর লিসা। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বকাপ হলো একটি বৈশ্বিক মুহূর্ত। তিনটি শহরের এই আয়োজনগুলো সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করবে।”এদিকে, কলম্বিয়ান পপ কুইন শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়ের গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং-এর একটি ঝলক ইতিমধ্যে ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে। ১০৪টি ম্যাচের এই বিশাল টুর্নামেন্ট ঘিরে এখন বিশ্বজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
