দ্বিতীয়বার বিয়ের মাত্র ৪ মাসেই স্ত্রীকে তালাক দিলেন আবু ত্বহা আদনান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিবেদক:

আবারও ভেঙে গেছে আলোচিত তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তাঁর স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার। দ্বিতীয় দফায় বিবাহের মাত্র চার মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাঁদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। ওই দিন আবু ত্বহা আদনান তাঁকে তালাক প্রদান করেন।

জানা যায়, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাঁদের বিচ্ছেদ ঘটেছিল। পরবর্তীতে দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যস্থতায় গত ২ ডিসেম্বর পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা ও সারা। তবে নতুন করে শুরু হওয়া সেই দাম্পত্য জীবনও শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী হলো না।

রংপুরের তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ২০১৭ সালে ইউটিউবে বক্তব্য দেওয়া শুরু করে দ্রুত পরিচিতি পান। ২০২৩ সালের জুনে ঢাকা যাওয়ার পথে তিন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। আট দিন পর রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসার পর পুলিশ জানিয়েছিল, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। নিখোঁজের সেই ঘটনাটি তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছিল।

ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত আবু ত্বহা মুহাম্মদ আদনানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • আবু ত্বহা মুহাম্মদ আদনান
  • বিবাহ বিচ্ছেদ
  • সাবিকুন্নাহার সারা