সারাদেশে বাস ভাড়া বাড়ল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 hours ago

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার পথে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম নতুন এই ভাড়া ঘোষণা করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে, দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, “জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন মালিকদের দাবির মুখে এই সমন্বয় করা হয়েছে। তবে ভবিষ্যতে তেলের দাম কমলে ভাড়ার হারও পুনর্মূল্যায়ন করে কমানো হবে।” তিনি আরও জানান, রেলওয়ের ভাড়ার বিষয়ে সরকার এখনও কোনো নতুন সিদ্ধান্ত নেয়নি।

এর আগে দুপুর ১২টায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হলেও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে সরকার ১১ পয়সা বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • জ্বালানি তেল
  • বাস ভাড়া বৃদ্ধি
  • সড়ক পরিবহন মন্ত্রী