
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। ড্রেজার মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নদীর দুই পাড় ভাঙতে শুরু করেছে। এতে হুমকির মুখে পড়েছে স্থানীয় সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও অসংখ্য বসতবাড়ি।
শনিবার (৯ মে) সরেজমিনে উপজেলার ভাঙ্গাপাড়া ও মাটগাঁও গ্রাম সংলগ্ন নদী এলাকায় গিয়ে দেখা যায়, একাধিক ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন চলছে। নদীর তীর ঘেঁষে বালু তোলায় বিভিন্ন স্থানে ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে এই বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বালু উত্তোলনের ফলে নদীর পাড় ধ্বসে পড়ছে। এতে আশপাশের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হওয়ার পথে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের নদীভাঙনের ফলে পুরো এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
ভাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই জানান, খাসিয়ামারা নদী থেকে দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিকট শব্দ ও ধুলাবালির কারণে বিদ্যালয়ের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিয়াম জানায়, ড্রেজারের তীব্র শব্দে তারা অতিষ্ঠ।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, “আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি এখন জানলাম। অতি দ্রুত এসিল্যান্ডকে পাঠিয়ে ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
