হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

নিজস্ব প্রতিবেদক:

পশ্চিমবঙ্গের নির্বাচনে শেখ হাসিনার ফর্মুলায় ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। তিনি অভিযোগ করেন, এই কারচুপির মাধ্যমেই শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।

রোববার (১০ মে) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, “সম্প্রতি পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে, সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এর ফলেই মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছেন। নির্বাচনের পর সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। পত্র-পত্রিকায় দেখলাম, মুসলমানদের গাড়িতে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এলডিপি সভাপতি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপি দ্রুত নির্বাচন চেয়েছিল। কিন্তু আমরা আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের ওপর জোর দিয়েছি। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘জুলাই সনদ’কে সমর্থন দিলেও পরবর্তীতে বিএনপি সেই অবস্থান থেকে সরে আসায় বর্তমান সংকটের সৃষ্টি হয়েছে।

সাবেক এই মন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “চাটুকারদের বেষ্টনী থেকে বেরিয়ে এসে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। শহীদ জিয়া ও বেগম জিয়ার মর্যাদা রক্ষা করুন। জনগণের সমর্থন ও নীতি-নৈতিকতা ছাড়া জোর করে ক্ষমতায় থাকা সম্ভব নয়।”

বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সতর্কবার্তা দেন যে, পৃথিবী তৃতীয় যুদ্ধের দিকে এগোচ্ছে। দেশে নিত্যপণ্যের দাম বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। দ্রব্যমূল্যের কারণে জনগণের মধ্যে অশান্তি সৃষ্টি হলে সরকার তা সামাল দিতে পারবে না এবং বিরোধী দলও চুপ করে বসে থাকবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলামসহ আরও অনেকে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাডভোকেট শিশির মনির।

  • এলডিপি
  • কর্নেল অলি আহমদ
  • মমতা বন্দ্যোপাধ্যায়
  • শুভেন্দু অধিকারী
  • শেখ হাসিনা