সাংবাদিক এফ এস জামিলের ইন্তেকালে শোকের ছায়া

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 hour ago

শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট জ্যেষ্ঠ সাংবাদিক ও সমাজসেবক এফ এস জামিল পাভেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি আকস্মিকভাবে ব্রেইন স্ট্রোক করেন। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পেশাগত জীবনে নিষ্ঠা, সততা, বস্তুনিষ্ঠতা ও আপসহীন পেশাদারিত্বের কারণে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকতা অঙ্গনে এফ এস জামিল পাভেল ছিলেন অত্যন্ত সুপরিচিত, গ্রহণযোগ্য ও সম্মানিত এক ব্যক্তিত্ব। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সংবাদকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রিয় সহকর্মীকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

এফ এস জামিল পাভেলের মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও অনুতপ্ত প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক প্রকাশ করে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এফ এস জামিল পাভেলের এই আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার মূলধারার সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ, অত্যন্ত সাহসী, সৎ ও নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালো। বস্তুনিষ্ঠ ও গণমুখী সাংবাদিকতায় তাঁর অনন্য অবদান স্থানীয় সংবাদকর্মীরা দীর্ঘদিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।”

পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ বুধবার (৩ জুন ২০২৬) বাদ জোহর শহরের উত্তর মোড়াইল জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হবে। মরহুমের জানাজায় সর্বস্তরের জনগণকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

  • এফ এস জামিল পাভেল
  • জ্যেষ্ঠ সাংবাদিক
  • ব্রাহ্মণবাড়িয়া সংবাদ
  • রিপোর্টার্স ক্লাব সভাপতি