সরাইলে শাহজাদাপুর সড়ক নির্মাণ কাজ মাঝপথে বন্ধ: ঠিকাদার ‘নিখোঁজ’, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 hours ago

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়ীয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মলাইশ ব্রিজ থেকে শাহজাদাপুর সংযোগ সড়কের নির্মাণ কাজ মাঝপথে ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় বর্তমানে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শাহজাদাপুর গ্রামের হাজারো মানুষ।

সরেজমিনে দেখা গেছে, মলাইশ ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শাহজাদাপুর পর্যন্ত বিস্তৃত সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর সময় অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও ইটের খোয়া ব্যবহার করা হয়েছিল। বর্তমানে ঠিকাদার কাজ ফেলে চলে যাওয়ায় এবং নিয়মিত যানবাহন চলাচলের কারণে সেই খোয়া উঠে গিয়ে এখন শুধু মাটি আর ইটের গুঁড়ো অবশিষ্ট আছে।

জনদুর্ভোগের চরম সীমা: শুকনো মৌসুমে এই রাস্তা দিয়ে যানবাহন চললে ধুলোবালিতে চারপাশ অন্ধকার হয়ে যায়, যা পথচারী ও স্থানীয় বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। অন্যদিকে, সামান্য বৃষ্টি হলেই রাস্তার দুপাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হচ্ছে, ফলে এই পথে চলাচল করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

শাহজাদাপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, “ঠিকাদার কাজ শুরু করে মাঝপথে ফেলে রেখে এখন নিখোঁজ। আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাচ্ছি না। সরকারের কোটি টাকা খরচ হলেও আমাদের দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে।”

এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কার এবং কাজে গাফিলতির দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক। জনস্বার্থে দ্রুত রাস্তার নির্মাণ কাজ শেষ করে এই চরম কষ্ট থেকে মুক্তি পেতে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শাহজাদাপুরবাসী।

  • ঠিকাদার নিখোঁজ
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সড়ক নির্মাণ
  • সরাইল