সরাইলে প্রকৌশলী তাওহীদ আহমেদের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদ: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 hours ago

নিজস্ব প্রতিবেদক, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পিডিপি’র (বিক্রয় ও বিতরণ বিভাগ) উপ-সহকারী প্রকৌশলী এ কে এম তাওহীদ আহমেদের বিরুদ্ধে একটি ফেসবুক পেজ থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে সম্মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।

উপ-সহকারী প্রকৌশলী এ কে এম তাওহীদ আহমেদ জানান, কিছুদিন আগে শাহবাজপুর গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের খবর ‘TanBhir’s’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করেন তিনি। ওই সময় একই পেজ থেকে তাঁর এই তড়িৎ পদক্ষেপের প্রশংসা করে পোস্ট দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেই একই পেজ থেকে তাঁর বিরুদ্ধে পুনরায় ভিত্তিহীন অভিযোগ এনে ব্যক্তিগত আক্রমণ শুরু করা হয়েছে।

এ কে এম তাওহীদ আহমেদ বলেন, “আমি জনসেবা করতে গিয়ে অপপ্রচারের শিকার হচ্ছি। একবার আমার কাজের প্রশংসা করে এখন আবার কেন ব্যক্তিগতভাবে আক্রমণ ও সম্মানহানি করার চেষ্টা করা হচ্ছে তা বোধগম্য নয়।” তিনি আরও জানান, প্রশংসামূলক ও সমালোচনামূলক উভয় ভিডিও তাঁর সংগ্রহে রয়েছে, যা তদন্তে সত্যতা প্রমাণ করবে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৌশলী তাওহীদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারি কাজে বাধা সৃষ্টি এবং ব্যক্তিগত ইমেজ ক্ষুণ্ণ করার দায়ে তিনি এই অপপ্রচারের পেছনের কুশীলবদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

  • পিডিপি
  • প্রকৌশলী তাওহীদ আহমেদ
  • ব্রাহ্মণবাড়িয়া
  • সরাইল