সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 49 minutes ago

কুমিল্লা প্রতিনিধি:

আইনশৃঙ্খলার চরম অবনতি অব্যাহত থাকলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা কিছুদিনের মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এনসিপির পদযাত্রা ও রাজনৈতিক যোগদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘দেশে আইনশৃঙ্খলার যেভাবে পতন ঘটছে, এই পরিস্থিতি যদি এভাবে চলতেই থাকে, তবে বর্তমান সরকারের ওপর জনগণের যে ভরসা ইতিমধ্যেই তলানিতে গিয়ে ঠেকেছে, তা অল্প কিছুদিনের মধ্যে আর অবশিষ্ট থাকবে না। আইনশৃঙ্খলার এই নেতিবাচক ধারা চলতে থাকলে একপর্যায়ে সাধারণ মানুষ সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলবে।’এনসিপির এই শীর্ষ নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করে আরও বলেন, ‘অনেকেই বলছেন এই সরকারের নাকি অনেক সাফল্য ও গুণ রয়েছে।

অথচ গত মাত্র চার মাসে এই মেঘনা উপজেলাতেই চারটি খুনের ঘটনা ঘটেছে। একটি নির্দিষ্ট উপজেলায় চার মাসের ব্যবধানে যদি চারটি হত্যাকাণ্ড ঘটে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী দায়িত্ব পালন করছেন? তিনি কখনো দেশের প্রধানমন্ত্রীর পক্ষে, আবার কখনো অর্থমন্ত্রীর পক্ষে সাফাই গেয়ে কথা বলেন; কিন্তু নিজের মন্ত্রণালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষা নিয়ে তাঁর কোনো কার্যকর চিন্তা বা পদক্ষেপ নেই।’উক্ত রাজনৈতিক অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে আসা প্রায় ১০০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান।

  • এনসিপি কুমিল্লা
  • জাতীয় নাগরিক পার্টি
  • মেঘনা উপজেলা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা
  • হাসনাত আবদুল্লাহ