“আমি মনে মনে ভাবি, হয়তো আমি মরে গেলেই ভালো হতো”—সংসদে ফজলুর রহমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 19 hours ago

ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা, বুধবার ২৯ এপ্রিল ২০২৬— মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অবদান নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি উল্লেখ করেন যে, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারত সরাসরি আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে দেশটির হাজার হাজার সৈন্য নিজেদের জীবন বিসর্জন দেয়।

অ্যাডভোকেট ফজলুর রহমান আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভারতের জোরালো সমর্থন ছিল এবং বিশেষত তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভেটো আমাদের স্বাধীনতা অর্জনের পথকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মুক্তিযুদ্ধের মতো দীর্ঘ ও আত্মত্যাগের ইতিহাসের সঙ্গে সাম্প্রতিক সময়ের কোনো স্বল্পমেয়াদি আন্দোলনের তুলনা করা হলে তা প্রকৃত ইতিহাসকে অবমূল্যায়ন করার শামিল বলে তিনি মন্তব্য করেন। এই আক্ষেপ থেকে তিনি বলেন, “আমি মনে মনে ভাবি, হয়তো আমি মরে গেলেই ভালো হতো।”

  • ফজলুর রহমান এমপি
  • মুক্তিযুদ্ধ ১৯৭১
  • সংসদ অধিবেশন