এনায়েতপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের এনায়েতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলহেরা মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তীতে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মো: আইয়ুব আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের উপদেষ্টা ডা. সেলিম রেজা, জেলা সহ-সভাপতি মকবুল আহম্মেদ, এনায়েতপুর হাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মোফাজ্জল হোসেন এবং শ্রমিক নেতা আবদুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্যকালে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে তাঁরা তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা শ্রম আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারকে আরও কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

  • আন্তর্জাতিক শ্রমিক দিবস
  • এনায়েতপুর
  • শ্রমিক কল্যাণ ফেডারেশন
  • সিরাজগঞ্জ