রেললাইনের উপর ভেঙে পড়া বিশাল বাঁশঝাড় অপসারণে আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক ভূমিকা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 14 hours ago

মোঃমনির,ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর (মুন্সিপাড়া) এলাকায় প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে রেললাইনের উপর একটি বিশাল আকৃতির পুরাতন বাঁশঝাড় উপড়ে পড়ে যায়। এতে ঠাকুরগাঁওয়ের সাথে সংশ্লিষ্ট রুটে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে এবং যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়।শুক্রবার বিকাল আনুমানিক ৩টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও বিমানবন্দরের পূর্ব পাশে অবস্থিত মূল রেললাইনের উপর এই আকস্মিক দুর্যোগের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের আনসার প্লাটুন কমান্ডার মোঃ আনোয়ার হোসেনের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও জোরালো নেতৃত্বে স্থানীয় ভিডিপি সদস্যরা অতি দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হন।প্রবল ঝড়-বৃষ্টি ও প্রকৃতির চরম প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জীবন বাজি রেখে আনসার ও ভিডিপি সদস্যরা দীর্ঘ প্রায় দুই ঘণ্টাব্যাপী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রেললাইনের উপর আড়াআড়িভাবে পড়ে থাকা বিশাল বাঁশঝাড় কেটে ও টেনে অপসারণ করেন। তাদের এই তাৎক্ষণিক সাহসিকতা, অনুকরণীয় দায়িত্ববোধ ও জনসেবামূলক দ্রুত কার্যক্রমের ফলে রেললাইনের একটি বড় ধরনের নিশ্চিত বিপর্যয় ও সম্ভাব্য ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঝুঁকিপূর্ণ বাঁশঝাড়টি পুরোপুরি অপসারণের পর বর্তমানে উক্ত রুটে রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। চরম বিপদের মুহূর্তে স্থানীয় রেলওয়ে প্রশাসনের আগেই সাধারণ মানুষের জানমাল রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের এমন মানবিক, সাহসী ও দ্রুত দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ ট্রেন যাত্রীরা।

  • আনসার ও ভিডিপি
  • ঠাকুরগাঁও সংবাদ
  • মোহাম্মদপুর ইউনিয়ন
  • হরিনারায়ণপুর মুন্সিপাড়া