
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে তার দেওয়া একটি বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের মাধ্যমে এই নোটিশ পাঠান কুষ্টিয়া সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলাম।
নোটিশের বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ জানান, সংসদ সদস্য আমির হামজাকে আগামী সাত দিনের মধ্যে তার বক্তব্যের সপক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার খুতবার আগে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক এ জেলায় বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলে অভিযোগ করা হয়েছে। নোটিশে আরও বলা হয়, ঘুষ ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ তুললেও সংশ্লিষ্টদের নাম প্রকাশ না করা আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার জানান, জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি এই নোটিশ পাঠিয়েছেন। আমির হামজা জনসমক্ষে সেই ব্যক্তিদের নাম প্রকাশ করুক যারা এই বিপুল পরিমাণ টাকা লেনদেনের সাথে জড়িত।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, এর আগেও গত ২ এপ্রিল কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারীদের নাম প্রকাশের দাবি জানিয়ে ছাত্রদল নেতা হৃদয় হাসান এমপি আমির হামজাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
