সোশ্যাল মিডিয়ার খবরে সাড়া: শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মদিনা মসজিদে মাইক দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আরমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 hours ago

শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া:

“মসজিদ এবং মুসল্লি উভয়ই আছে, কিন্তু নেই কোনো আজান প্রচারের মাইক। মসজিদে আজান হলেও দূর থেকে পাড়া-প্রতিবেশীরা তা শুনতে পান না”—সামাজিক যোগাযোগ মাধ্যমে (সোশ্যাল মিডিয়া) ছড়িয়ে পড়া এমন একটি মানবিক ও ধর্মীয় সংকটের খবর নজর কাড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমানের। খবরটি দেখেই তিনি মদিনা জামে মসজিদের পাশে দাঁড়ানোর দ্রুত সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ১লা জুন, সোমবার (২০২৬) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০ নং রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামস্থ ফকির বাড়ির মদিনা জামে মসজিদে মুসল্লিদের সুবিধার্থে দুটি নতুন হর্ন মাইকসহ আজান দেওয়ার যাবতীয় আধুনিক সাউন্ড সিস্টেম যন্ত্রপাতি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আরমানের সম্পূর্ণ নিজস্ব ও সার্বিক অর্থায়নে এই নতুন মাইকের ব্যবস্থা করা হয়।

তৃণমূলের সাধারণ মানুষের মতে, মোহাম্মদ আরমান সব সময়ই মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করাসহ সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। জানা যায়, শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথমে তিনি প্রথাগতভাবে গরিব ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু হঠাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহর ঘরের এই বিশেষ সমস্যার কথা জানতে পেরে তিনি চিন্তা করেন, মসজিদের জন্য স্থায়ী মাইকের ব্যবস্থা করা আরও বেশি উত্তম, সময়োপযোগী ও পুণ্যময় কাজ হবে। সেই মহৎ চিন্তা থেকেই তিনি তাৎক্ষণিক এই সিদ্ধান্ত গ্রহণ করেন।মাইক হস্তান্তর পর্ব শেষে উপস্থিত সর্বস্তরের মুসল্লিদের নিয়ে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করা হয় এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। একই সাথে এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কবির আহমেদ ভূইয়ার আশু রোগমুক্তি, পূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মাইক ও সাউন্ড সামগ্রী হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ডা. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক (নোহেল) সহ মসজিদ কমিটির অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শহীদ জিয়ার কালজয়ী স্মৃতি চারণ করার পাশাপাশি এই মহতী, ধর্মীয় ও অনুকরণীয় উদ্যোগে এগিয়ে আসার জন্য জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমানকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মসজিদটি আগামীতে সুন্দরভাবে পরিচালনার স্বার্থে স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ আরমান এবং মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। একই সাথে স্বেচ্ছাসেবক নেতা আরমান আগামীতেও এই মসজিদের যেকোনো ধর্মীয় ও উন্নয়নমূলক প্রয়োজনে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

*জরুরি বিজ্ঞপ্তি: মসজিদের উন্নয়নে সহযোগিতার জন্য যোগাযোগ: সভাপতি: ডা. মোশাররফ হোসেন (০১৭১৫-৪৭১৮০৯), সাধারণ সম্পাদক: এ কে ফজলুল হক (নোহেল) (০১৭১১-৯৫৯৫৩৪)

  • ব্রাহ্মণবাড়িয়া সংবাদ
  • মদিনা জামে মসজিদ
  • মোহাম্মদ আরমান স্বেচ্ছাসেবক দল
  • মোহাম্মদপুর ফকির বাড়ি
  • রামরাইল ইউনিয়ন