ব্রাহ্মণবাড়িয়ায় ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

এদিন দুপুরে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। মিছিল শেষে কলেজের প্রধান ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া (জিমি হৃদয়)। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা জেল-জুলুম সহ্য করে আদালত আর কারাগারের বারান্দায় সময় কাটিয়েছি। কিন্তু গত ৫ আগস্টের পর কিছু ফ্যাসিবাদী শক্তি আবারও আড়ালে থেকে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেই থাকব।”

তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করি প্রকাশ্যে, আড়ালে নয়। যারা গোপনে ষড়যন্ত্র করছে, তাদের গুপ্ত রাজনীতি পরিহার করে প্রকাশ্যে আসার আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষাঙ্গনে কোনো ধরনের গুপ্ত রাজনীতি বরদাশত করব না এবং এর স্থায়ী নিষিদ্ধ চাই।”

সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, শেখ জনি, শেখ আরাফাত, ছুহুল আফজাল, তারিফ ইসলাম, শেখ তায়িফ ও ইফতিয়াজ শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • গুপ্ত রাজনীতি
  • ছাত্রদল
  • বিক্ষোভ মিছিল
  • ব্রাহ্মণবাড়িয়া