বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

বর্তমান নির্বাচিত সরকার জুলাই বিপ্লবের চেতনার ফসল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে এবং বর্তমান সরকার সেই চেতনারই প্রতিফলন।’

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কাজল বলেন, একটি ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণে জনগণের যে প্রত্যাশা ছিল, তা পূরণে বর্তমান সরকার সুস্পষ্টভাবে অঙ্গীকারবদ্ধ। সরকার জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং এরই মধ্যে ‘জুলাইযোদ্ধাদের সুরক্ষা নীতিমালা’ প্রণয়ন করা হয়েছে।

শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ট্রাইব্যুনালে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই এই রায় দেওয়া হয়েছে। তবে সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আইনমন্ত্রী ইতোমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি আরও জানান, হাইকোর্টের একটি রায় থাকলেও সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মাধ্যমেই পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি হবে।

মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • অ্যাটর্নি জেনারেল
  • জুলাই বিপ্লব
  • রুহুল কুদ্দুস কাজল