
খেলাধুলা ডেস্ক:
লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে আইপিএলে যোগ দেওয়ায় লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকাকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই নিষেধাজ্ঞার ফলে ২০২৭ সালের পিএসএল আসরে অংশ নিতে পারবেন না তিনি।
পিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, শানাকার একক সিদ্ধান্তে দল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ‘খেলোয়াড় নিবন্ধন’ এবং ‘ত্রিপক্ষীয় চুক্তির’ সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, লাহোর কালান্দার্স তাকে প্রায় ২৭ হাজার ডলারে দলে নিলেও স্যাম কারেনের চোটজনিত বদলি হিসেবে প্রায় ২ লাখ ১৪ হাজার ডলারের বড় চুক্তিতে রাজস্থান রয়্যালসে যোগ দেন শানাকা।
তবে এই শাস্তির পর শানাকা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “পিএসএল থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি লাহোর কালান্দার্সের ভক্ত এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।” ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তাঁর প্রাথমিক শাস্তির মেয়াদ কিছুটা কমানো হয়েছে।
শানাকাই প্রথম নন, এর আগে গত ১৪ এপ্রিল জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করে পিসিবি। তিনিও ইসলামাবাদ ইউনাইটেডের চুক্তি বাতিল করে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশও একই কারণে বর্তমানে নিষিদ্ধ রয়েছেন।
আইপিএলে বড় অংকের চুক্তিতে তিন বছর পর ফিরলেও রাজস্থান রয়্যালসের হয়ে শানাকা এখনো মাঠে নামার সুযোগ পাননি। অন্যদিকে, পিএসএল থেকে একের পর এক বিদেশি খেলোয়াড়ের নাম প্রত্যাহার এবং আইপিএলকে বেছে নেওয়ার ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
