
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে মেঘনা নদীর শাখা ‘কাইঞ্জার খাল’ পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে প্রায় ২ হাজার ৫০০ মিটার দীর্ঘ এই খালের খনন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা কৃষ্ণ লাল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন।
উদ্বোধনী বক্তব্যে এমপি এম এ হান্নান বলেন, “এই খাল খননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদনে বিপ্লব ঘটবে। বিশেষ করে হাওর অঞ্চলের বোরো চাষে সেচ সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন যে, গ্রামীণ অর্থনীতিকে সচল করতে এমন উদ্যোগ অত্যন্ত জরুরি।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন খালটি ভরাট হয়ে থাকায় শুষ্ক মৌসুমে সেচ কাজ ব্যাহত হতো। এখন খালটি খনন হওয়ায় তাদের কৃষি কাজে নতুন গতি আসবে। এছাড়া এলাকার জীববৈচিত্র্য রক্ষায়ও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
