দোয়ারাবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগ: সংবাদ সম্মেলন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ‘বাংলাবাজার পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’র বৈধ কার্যক্রম বাধাগ্রস্ত করতে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা মোর্শেদ আলমের নেতৃত্বে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে সমিতির বৈধ কমিটির সদস্যদের নাম ও প্যাড ব্যবহার করে ভুয়া নথি তৈরি এবং স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সাধারণ সদস্যদের বিভ্রান্ত করছে। এছাড়া কমিটির কার্যক্রম সচল রাখার বিনিময়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, “মোর্শেদ আলমের নেতৃত্বে একটি নির্দিষ্ট গোষ্ঠী সমবায়ের নিয়ম-নীতি তোয়াক্কা না করে সমিতির সম্পদ ও তহবিল দখলের পাঁয়তারা করছে। গত ১৬ এপ্রিল তারা দলবল নিয়ে সমিতির কার্যালয়ের তালা ভেঙে দখল করে নিয়েছে। তাদের দাপট ও অত্যাচারে আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি আরও জানান, এই চক্রটি প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভুয়া রেজুলেশন দাখিল করে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে সমিতির সদস্য জোছনা বেগম ও আছিয়া বেগম অভিযোগ করেন, মোর্শেদ আলম ও তাঁর সহযোগীরা প্রজেক্ট আসার কথা বলে তাদের কাছ থেকে কাগজে দস্তখত নিয়েছে এবং পরবর্তীতে সেই দস্তখত ব্যবহার করে চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ায় এখন তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদের খোঁজে বাড়িতে লোক পাঠানো হচ্ছে। তাদের ভয়ে তারা এখন বাড়িতে থাকতে পারছেন না।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে এই জালিয়াতি ও চাঁদাবাজির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • চাঁদাবাজি
  • জালিয়াতি
  • দোয়ারাবাজার
  • বিএনপি নেতা
  • সুনামগঞ্জ